ধর্ষণ মামলায় তীব্র সমালোচনার মুখে নরওয়ের রাজপরিবার

ধর্ষণ মামলায় তীব্র সমালোচনার মুখে নরওয়ের রাজপরিবার

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেট্টে-মারিটের ছেলে মারিয়ুস বর্গ হইবির ধর্ষণ মামলার বিচার শুরু হওয়ায় দেশটির রাজপরিবার তীব্র সমালোচনার মুখে পড়েছে। রাজধানী অসলোতে শুরু হওয়া এই মামলাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সেলিব্রিটি ম্যাগাজিন সে ও হর-এর সম্পাদক নিকলাস কোক্কিন-থোরেসেন বলেন, এটি নরওয়ের রাজপরিবারের জন্য সবচেয়ে বড় কেলেঙ্কারি। রাজপরিবারের একজন সদস্য হিসেবে তার বিরুদ্ধে অভিযোগগুলোর গুরুত্বের কারণে রাজপরিবারের ওপর সমালোচনা ও গণমাধ্যমের চাপ বেড়েছে।

২৯ বছর বয়সী মারিয়ুস হইবির বিরুদ্ধে মোট ৩৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চার নারীকে ধর্ষণের অভিযোগ, সাবেক বান্ধবীকে মারধর ও হুমকি, সম্পত্তি ভাঙচুর, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দোষী প্রমাণিত হলে তার ১০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। আদালত সাত সপ্তাহের এই বিচার চলাকালে ছবি তোলা নিষিদ্ধ করেছে।

হইবির আইনজীবী পেতার সেকুলিচ জানান, হইবি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, তবে যৌন নির্যাতন ও সহিংসতার অধিকাংশ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ক্রাউন প্রিন্স হাকন অভিযোগকারী ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে।এর মাঝে এক নারী ঘুমন্ত অবস্থায় যৌন নিপীড়নের শিকার হন। মামলায় আরও কয়েকজন নারীর সাক্ষ্য নেওয়া হবে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

শৈশব থেকেই মারিয়ুস হইবি সাধারণ মানুষের কাছে পরিচিত। এর আগে তিনি মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। এই মামলার কারণে রাজপরিবার নতুন করে চাপে পড়েছে।
 
আই.এ/সকালবেলা

মন্তব্য করুন