যারা মুহাম্মদ সা.কে শেষ নবী মানে না, তারা মুসলমান নয়: ধর্মমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
যারা মুহাম্মদ সা.কে শেষ নবী মানে না, তারা মুসলমান নয়: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, যাঁরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে আখেরি বা শেষ নবী হিসেবে বিশ্বাস করেন না, তাঁরা মুসলমান নন। আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতেও তিনি প্রস্তুত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত ‘খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে’ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মেহমান হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাধ্যমে।

কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, কওমি মাদ্রাসাগুলো আমাদের দ্বীনের মূল ভিত্তি। এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা ও দেখাশোনা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নিজেদের ঈমানকে অটুট রাখতে হলে এই মূল ভিত্তির প্রতি আরও যত্নবান হতে হবে।

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, ইসলাম ও দেশের আলেম সমাজের কল্যাণে যা কিছু করা প্রয়োজন, ইনশাআল্লাহ তা করা হবে। সরকার সব সময় ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেকোনো প্রয়োজনে আলেমদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে সারা দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

এ ছাড়া হজ ব্যবস্থাপনার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরও পাঁচ হাজার বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৫০০ জনে উন্নীত করা হয়েছে। এ জন্য তিনি সৌদি আরব সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতিকে ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য উপস্থিত আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের কাছে দোয়া কামনা করেন।

আল্লামা আব্দুল হামীদের (পীর সাহেব মধুপুর) সভাপতিত্বে অনুষ্ঠিত এই জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা যাইনুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এবং মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা।

এআইএল/সকালবেলা