মজলুমের অধিকার প্রতিষ্ঠায় ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক: ওলামা অ্যালায়েন্স

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ
মজলুমের অধিকার প্রতিষ্ঠায় ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক: ওলামা অ্যালায়েন্স

নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর জীবন ও রাজনীতির মূল প্রেরণা ছিল মেহনতি ও মজলুম মানুষের পক্ষে আপসহীন অবস্থান। তিনি আজীবন নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতা কিংবা প্রভাবশালীদের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দেওয়াই মওলানা ভাসানীকে অনন্য উচ্চতায় আসীন করেছে। বর্তমান সমাজেও যখন নানা ধরনের বৈষম্য, শোষণ ও বঞ্চনার বাস্তবতা বিদ্যমান, তখন তাঁর এই আদর্শিক অবস্থান নতুন করে উপলব্ধি করা অত্যন্ত জরুরি।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা ইনজিমামুল ইসলাম বলেন, মওলানা ভাসানীর বর্ণাঢ্য জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। রাজনীতি যে কেবল মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম—তা তিনি কাজের মাধ্যমে প্রমাণ করে গেছেন। তাঁর সংগ্রামী জীবন, সাহসী উচ্চারণ এবং মজলুম মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্যও চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিবৃতির শেষে নেতৃবৃন্দ মওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা