শাপলা চত্বরের ঘটনায় দলীয় দায় স্বীকার লতিফ সিদ্দিকীর
বিশেষ প্রতিবেদন: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হামলা ও হতাহতের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে ওই হত্যাকাণ্ডে নিজের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন তিনি। এ সময় বার্ধক্যের কারণ দেখিয়ে আদালতের কাছে জামিন প্রার্থনাও করেন এই সাবেক মন্ত্রী।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামিন আবেদনের শুনানিকালে লতিফ সিদ্দিকী বলেন, ‘শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। সে সময়ের দলের একজন শীর্ষ নেতা হিসেবে আমি এর দলীয় দায় স্বীকার করছি। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম না। বার্ধক্যের কথা বিবেচনা করে আমি জামিন চাচ্ছি।’
শুনানিকালে আদালতে আসামিদের হাজির করার পদ্ধতি নিয়েও অভিযোগ তোলেন তিনি। লতিফ সিদ্দিকী অভিযোগ করে বলেন, ‘আমাদের হেলমেট পরিয়ে জোর করে এখানে আনা হচ্ছে এবং শারীরিক নির্যাতন করা হচ্ছে।’ তবে তাঁর এই অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট কোনো আদেশ দেননি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে আসামিদের আদালতে তোলা হয় এবং বেলা ২টায় মূল আনুষ্ঠানিক শুনানি শুরু হয়।
নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ দিন আটজন আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়। এর আগে হাতকড়া ও হেলমেট ছাড়া আসামিদের আদালতে হাজির করা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হওয়ায় এবার এই কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব বাড়তি সরঞ্জাম ছাড়াই আদালতে হাজির করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডলকে আদালতে নেওয়ার সময় তাঁদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যায়। অন্যদিকে, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান মাথা নিচু করে সম্পূর্ণ নীরবে আদালতে প্রবেশ করেন।
এ দিন আদালতে হাজির করা অন্যান্য আসামিদের মধ্যে ছিলেন—হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। আসামিদের উপস্থিতি কেন্দ্র করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। নিরাপত্তার দায়িত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক নিয়মিত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এর আগে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রাথমিক যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আলোচিত এই মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে বন্দি রয়েছেন এবং বাকি ৩০ জন পলাতক অবস্থায় আছেন। পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এর আগে গত ১২ নভেম্বর মামলার প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরুর আবেদন জানান। এই মামলায় মূলত দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, যার মধ্যে ২০১৩ সালের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগও রয়েছে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের অপর একটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদেরও হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়েছিল।
এআইএল/সকালবেলা