ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি ছয় যুবক নিখোঁজ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি ছয় যুবক নিখোঁজ

বিশেষ প্রতিনিধি: লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে প্লাস্টিকের নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা উপজেলার সাত যুবকের মধ্যে মাসুম মিয়া নামের একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তবে দুর্ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও তাঁর সঙ্গে থাকা বাকি ছয়জনের কোনো সন্ধান মেলেনি। তাঁরা বেঁচে আছেন, নাকি সাগরের অতলে হারিয়ে গেছেন—তা নিয়ে চরম উৎকণ্ঠা ও আহাজারিতে দিন কাটছে স্বজনদের।

নিখোঁজ যুবকেরা হলেন—মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।

প্রাণে বেঁচে ফেরা মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় তিনি অবৈধ পথে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে ওই যুবকেরা লিবিয়ায় যান। গত ৩১ অক্টোবর সাত যুবকসহ বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশী একটি প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন। মাসুমের পরিবারের সদস্যরা জানান, নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে সেটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

দুর্ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে মাসুম জানান, গত ৩১ অক্টোবর হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ মোট ৫৪ জন বাংলাদেশি এবং সুদানের ছয় নাগরিককে ওই নৌকায় তুলে দেওয়া হয়। ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটিতে ছিদ্র দেখা দেয়। যাত্রীদের কারও কাছে কোনো লাইফ জ্যাকেট ছিল না; কেবল নৌকায় ধরে থাকার জন্য একটি রশি ছিল। যাঁরা সেটি ধরে রাখতে পারেননি, তাঁদের কয়েকজনকে নিজের চোখের সামনেই ডুবে যেতে দেখেছেন তিনি।

সন্ধ্যা পর্যন্ত সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে জ্ঞান হারান মাসুম। পরদিন ভোরে ঢেউ তাঁকে একটি দ্বীপের তীরে ভাসিয়ে নিয়ে যায়। সেখানে উঠে কোনো মানুষের সন্ধান না পেয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর একটি বাড়ির দেখা পান। স্থানীয় লোকজন তাঁকে খাবার ও পরার জন্য একটি গেঞ্জি দেন এবং পরে গ্রিসের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি সেখানকার একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

নিখোঁজ যুবকদের স্বজনদের অভিযোগ, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালাল হাফিজ মিয়া প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা করে নিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে হাফিজ মিয়া দাবি করেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, ওই যুবকেরা হাফিজ মিয়ার মাধ্যমেই গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে তিনি জেনেছেন। সাতজনের মধ্যে একজন জীবিত পৌঁছাতে পারলেও বাকি ছয়জনের কোনো খোঁজ না মেলায় পরিবারগুলো চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং নিখোঁজ যুবকদের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

এআইএল/সকালবেলা