সিরাজদিখানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ
সিরাজদিখানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মমিন (৪০) ও মো. সজিব (৩০)। মমিন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার উত্তর বলদিয়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিরাজদিখানের খাসমহল বালুচর এলাকার নওয়াব আলীর বাড়িতে ভাড়া থাকেন। অন্যদিকে সজিব বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ইউসুফ ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সিরাজদিখান থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মমিন ও সজিবকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এআইএল/সকালবেলা