দিনাজপুরে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ
দিনাজপুরে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

বিশেষ প্রতিনিধি: দেশের উত্তরের জেলা দিনাজপুরে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও সকালবেলায় হালকা হিমেল বাতাস এবং কুয়াশার আভাসে বদলে যাচ্ছে প্রকৃতির পরিবেশ। বিশেষ করে রাত ও ভোরের দিকে শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও পড়তে শুরু করেছে শীতের প্রভাব। দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকার বাসিন্দা আফরোজা বেগম জানান, সকালে সন্তানকে নিয়ে স্কুলে যেতে হয়। কয়েক দিন ধরে দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভূত হলেও আজ ভোর থেকে ঠান্ডার পাশাপাশি কুয়াশাও পড়েছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে শিশুরা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে।

অটোরিকশাচালক হযরত আলী বলেন, সকালে রিকশা নিয়ে বের হলে এখন আগের চেয়ে বেশ ঠান্ডা লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে কিছুটা গরম অনুভূত হয়। শীত পুরোপুরি জেঁকে বসতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে হচ্ছে।

কৃষক হাসেম আলী জানান, ভোরে মাঠে কাজ করতে গেলে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদ থাকায় কৃষিকাজ করতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। স্থানীয় আরেক বাসিন্দা হাকিম আলীও জানান, সকাল ও রাতে ঠান্ডা লাগলেও দুপুরে এখনো গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরপর তাপমাত্রা আরও কমে যেতে পারে। দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আগামী ১৯ ও ২০ নভেম্বর দেশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আবহাওয়ার পরিবর্তনের কারণে তাপমাত্রা আরও হ্রাস পাবে, যার ফলে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়বে।

এআইএল/সকালবেলা