রাজধানীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ দলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
রাজধানীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ দলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সকালবেলা প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত যাত্রাবাড়ী, রামপুরা ও খিলগাঁও থানায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবেও তাঁর বিরুদ্ধে ভূমিকা রাখার তথ্য রয়েছে।

এদিকে, রামপুরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে তাঁদের আটক করা হয়।

রামপুরা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ (৬০), ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) এবং রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।

অন্যদিকে, খিলগাঁও থানা এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে যুবলীগ ও ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—ছাত্রলীগের কর্মী নাফিজ ইবনে সাঈদ (১৯) এবং খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪৬)।

ডিএমপির তথ্যমতে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খিলগাঁও মডেল কলেজের সামনে থেকে নাফিজকে এবং একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ত্রিমোহনী মাতবর বাড়ি রোড এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৯ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা