নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, খেসারি ও চিনাবাদামের বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার পীযূষ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাজীব কুমার সূত্রধর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি উৎপাদনে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণের ফলে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, তেমনি ফসলের ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আলোচনা সভা শেষে উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১৮ হাজার ১০০ জন কৃষক-কৃষাণীর মাঝে পর্যায়ক্রমে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় কৃষক-কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা