রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে আজ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে আজ

সকালবেলা ডেস্ক: দেশের বিদ্যুৎ উৎপাদনে এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান মঙ্গলবার গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার এই পরীক্ষামূলক পরিকল্পনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ প্রাথমিকভাবে কয়েক ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন কারিগরি পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হবে। শুরুর দিকে কেন্দ্রটি এর উৎপাদনক্ষমতার মাত্র ৩ শতাংশ ব্যবহার করে পরিচালিত হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তখন জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তীব্র তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের বিপুল চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়।

প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পরও কেন্দ্রটির সর্বোচ্চ নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও পরিচালনব্যবস্থা গভীরভাবে যাচাই-বাছাই করা হবে। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। এসব ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হবে।

এদিকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গ্রিডে বিদ্যুৎ সংযোগের সময় উপস্থিত থাকার জন্য পিডিবির পক্ষ থেকে একজন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান। তাঁর ভাষ্য অনুযায়ী, যাবতীয় নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিশ্চিত হওয়ার পরেই কেবল এ বিষয়ে অনুমতি প্রদান করা হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের নিজস্ব অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। ফলে সফল উৎপাদন শুরু হলে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

এআইএল/সকালবেলা