বাংলাদেশি কর্মীদের সুখবর দিল রোমানিয়া

বাংলাদেশি কর্মীদের সুখবর দিল রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার এক জরুরি অধ্যাদেশের মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য ‘রাজক্ষমা’ (এমনেস্টি) কর্মসূচি ঘোষণা করেছে। গত ২৩ এপ্রিল পাস হওয়া এই অধ্যাদেশটি গত সোমবার (২৭ এপ্রিল) দেশটির অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে। বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই সুখবর নিশ্চিত করেছে।

নতুন এই আইনের অনুচ্ছেদ ৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা যেসব কর্মী বিভিন্ন কারণে দেশটিতে অবৈধ হয়ে পড়েছেন, তারা নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পাবেন। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে বহু প্রবাসী বাংলাদেশি তাদের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।

কারা এই সুবিধা পাবেন? বিশেষ করে যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুযোগ নিতে পারবেন। যেমন—কেউ যদি ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়ায় যাওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানি তাকে নিয়োগ না দেয় এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে পেতে ব্যর্থ হন, তবে তিনি এই আইনের অধীনে আবেদন করতে পারবেন। এছাড়া অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কাটলেও তা সরকারি কোষাগারে জমা না দেওয়া বা সময়মতো টিআরসি (TRC) আবেদন না করার ফলে কর্মীরা অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন। এমন প্রবাসীরাও এই সুযোগের আওতায় পড়বেন।

আবেদনের প্রক্রিয়া: সুবিধাভোগী কর্মীদের নতুন আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশনে যোগাযোগ করতে হবে। তবে এর আগে তাদের অবশ্যই একজন নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে নতুন ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পরেই টিআরসি কার্ডের জন্য আবেদন করা যাবে। দূতাবাস জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কিছু দাপ্তরিক জটিলতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রবাসীদের দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কতা: বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যারা ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন অথবা যারা অবৈধ পথে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই রাজক্ষমা সুবিধার আওতায় আসবেন না। এ বিষয়ে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন