ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সারাদেশ ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বিকট শব্দে দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ওপর বজ্রপাত হয়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করলে ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের দ্রুত উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাদপুর স্কুলে আহতরা হলেন— শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম এবং শিক্ষার্থী জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, মীম আক্তার, আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।
একই সময়ে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনা ঘটে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা জানান, সেখানেও বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে আরও ৮ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, দাদপুর স্কুলের আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। প্রয়োজন হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, আমি আহত শিক্ষার্থীদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ