ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লিওন আহমেদ, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে আবাদি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কর্তন ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার মানিকদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটির উপরিভাগ কাটার প্রমাণ পায় প্রশাসন।
অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. মিনাল শরীফ (পিতা: আঃ কুদ্দুস শরীফ) নামের এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। বিশেষ করে কৃষিজমির উর্বরতা নষ্ট করে যারা টপ সয়েল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ