ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় চাঞ্চল্যকর ও নৃশংস নুরু আলী মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নুরু আলী মিয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। ঘটনার বেশ কিছু সময় অতিবাহিত হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি সকল আসামিকে গ্রেপ্তার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান হেলো মিয়া, সাবেক মেম্বার মোঃ মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল মৃধা, মোঃ সেলিম বক্স এবং মাওলানা মোঃ আল-আমিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, নিহতের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অপরাধীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। তাঁরা অবিলম্বে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কালিকচ্ছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নিহতের স্বজনসহ কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে 'হত্যাকারীদের ফাঁসি চাই' স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ