ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি: রাঙামাটির কুদুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা এবং দুই নারীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি উজোবাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য বীর চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘাইছড়ি উপজেলা সহ-সাধারণ সম্পাদক সমর চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উদযাপনের পরপরই এমন হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। তাঁরা অভিযোগ করেন, সন্তু লারমার অনুসারী একদল সশস্ত্র সদস্য কুদুকছড়িতে ধর্মশিং চাকমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। ধর্মশিং চাকমা আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাঁকে ধাওয়া করে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এসময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বক্তারা পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ