শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে অভিযুক্ত খোরশেদ আলম প্রতিবেশী এক শিশুকে কৌশলে জনৈক ব্যক্তির বাড়িতে ডেকে নেয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি কৌশলে পালিয়ে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত খোরশেদ আলম শিশুটির পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং টাকার প্রলোভন দেখিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

শুক্রবার রাতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয় জনতা খোরশেদ আলমকে আটক করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেওয়া হলে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে থানা হেফাজতে নেয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে তিনি সিঅ্যান্ডবি পাড়ায় বসবাস করছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন