ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নকলের বিরুদ্ধে সেই চিরচেনা আপসহীন মেজাজে আবারও ধরা দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি যেন ফিরে গেলেন তার সেই পুরোনো ‘নকলবিরোধী’ অ্যাকশন মুডে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তাকে কখনও জানালার ফাঁক দিয়ে তীক্ষ্ণ নজরে ভেতরের অবস্থা পরখ করতে, আবার কখনও অতর্কিতে গ্লাস সরিয়ে পরীক্ষা কক্ষ পর্যবেক্ষন করতে দেখা গেছে। মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে তাকে জানালার গ্রিল ধরে গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা হলের পরিবেশ পর্যবেক্ষণ করতে দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, আজ সকালে এনটিআরসিএ-র সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষা কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘নিয়োগে যদি কোনো বিচ্যুতি হয়, তবে আমি তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করব। মেধাবী কাউকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।’
উল্লেখ্য, আজ ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে চারটি পৃথক গ্রুপে শিক্ষকদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ