ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আজ শনিবার (১৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালি এখন থেকে তার ‘আগের অবস্থায়’ ফিরে যাবে এবং সশস্ত্র বাহিনী পুরো এলাকার নিয়ন্ত্রণভার গ্রহণ করবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘তথাকথিত অবরোধ’ আসলে সামুদ্রিক ডাকাতির নামান্তর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তবে তারা হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে এক পোস্টে বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না এবং এই প্রণালিতে চলাচলের জন্য ইরানের অনুমতি প্রয়োজন হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন অবরোধকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, যাকে তারা নৌ অবরোধ বলছে, তার যথাযথ জবাব দেওয়া হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি খুব কাছাকাছি রয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, চুক্তি না হলে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও জানান, পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবহণ হয়। ফলে এই পথ নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ