অপহরণ নাটকের অবসান, শ্রীপুরের সেই মেয়ে উদ্ধার

অপহরণ নাটকের অবসান, শ্রীপুরের সেই মেয়ে উদ্ধার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর ‘অপহরণ’ ঘটনার ৪৮ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থী ফারিহা (১৬)-কে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর নিখোঁজ রহস্যের জট খুলেছে; জানা গেছে, অপহরণ নয় বরং প্রেম করে বিয়ের উদ্দেশ্যেই সে স্বেচ্ছায় ঘর ছেড়েছিল।

শনিবার (১৮ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে ফারিহাকে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লাল চান মিয়ার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। বর্তমানে উদ্ধারকৃত কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে।

ফারিহা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বীরখারুয়া গ্রামের হাদিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। গত দুদিন আগে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, সশস্ত্র দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এই অভিযোগে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লাল চান মিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটি অপহরণ মনে হলেও তদন্তে ভিন্ন তথ্য বেরিয়ে আসে। ওই কিশোরীর সঙ্গে এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করে এবং নয়নপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে থাকে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, “মেয়েটি ও এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছে বলে জানা গেছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি জটিল রূপ নিয়েছে।” তিনি আরও জানান, কিশোরীর পরিবারের দায়ের করা মামলায় ছেলে পক্ষের ১১ জনকে আটক করে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

অপ্রাপ্তবয়স্ক কিশোরীর এমন সিদ্ধান্ত ও বিয়ের ঘটনা নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন