পেট্রোল মজুদের অভিযোগে স্কুলের দপ্তরি গ্রেপ্তার

পেট্রোল মজুদের অভিযোগে স্কুলের দপ্তরি গ্রেপ্তার

হাবিবুল্লাহ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে সুমন সরদার (৩৭) নামে এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের ‘মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন’ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন সরদার সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত এবং পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে নিজ হেফাজতে অবৈধভাবে মজুদ রাখতেন এবং পরে তা চড়া দামে কালোবাজারে বিক্রি করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ওই ফিলিং স্টেশনে গিয়ে পুনরায় পেট্রোল সংগ্রহ করার সময় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাঁর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সরকারি পদে থেকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন