এনসিপিতে যোগ দেওয়ার খবরে যা বললেন রুমিন ফারহানা

এনসিপিতে যোগ দেওয়ার খবরে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, এর কোনো ভিত্তি নেই, এটা স্রেফ গুজব। শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এটার ন্যূনতম কোনো সত্যতা নেই উল্লেখ করে রুমিন ফারহানা জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে আপা চলে আসেন আমাদের সঙ্গে। আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন। আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন ফ্রন্টলাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের অ্যাপ্রোচে হেসেছি। এটা নিয়ে কথা বাড়াইনি।’

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও সুযোগ তৈরি হবে কি না—এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য তিনি কোনো জোটে যোগ দেবেন না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে তিনি কথা বলতে পারেন। কিন্তু তার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন