ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলার নাগদাহ এলাকায় হিজবুত তাওহীদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, প্রতারণা এবং সাধারণ মানুষের নামে মিথ্যা মামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় নাগদাহ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে দ্রুত বিচার ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা ও মামলার এক নম্বর আসামি নুর আলম। তিনি অভিযোগ করেন, গত বছরের (২০২৫) ২৪ ফেব্রুয়ারি সিদামহাট এলাকায় হিজবুত তাওহীদ সদস্য কুদ্দুস শামীমের বাড়িতে ‘ইসলামবিরোধী’ অনুষ্ঠানের আয়োজন করা হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরদিন সকালে গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি বোঝাতে গেলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হন, যাদের মধ্যে ঈমান আলী ও বদির অবস্থা আশঙ্কাজনক ছিল।
বক্তারা জানান, প্রশাসনের হস্তক্ষেপে সমঝোতার উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসীর পক্ষ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। কিন্তু হিজবুত তাওহীদের সদস্যরা সমঝোতা থেকে সরে গিয়ে উল্টো এলাকার ৬০-৬২ জন নিরীহ মানুষের বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা দায়ের করেন। নুর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলাকাবাসীর করা মামলা কার্যকর না হলেও আমাদের ওপর একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি আদালতে জামিন নিতে গেলেও আমাদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনের আগে নাগদাহ বাজারে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হিজবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তার হোসেন ও ইসমাইল হোসেন ইমন। তাঁরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রতারণার বিচার দাবি করেন। দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
উক্ত সংবাদ সম্মেলন ও বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ