নতুন উপজেলা হচ্ছে বগুড়ার মোকামতলা

নতুন উপজেলা হচ্ছে বগুড়ার মোকামতলা

জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষা চলছে।

গত ১২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত প্রাক-নিকার সচিব কমিটির সাম্প্রতিক বৈঠকে মোকামতলাকে উপজেলা হিসেবে উন্নীত করার প্রস্তাবসহ একাধিক বিষয় অনুমোদন পায়। এর ফলে প্রশাসনিকভাবে নতুন উপজেলা গঠনের পথ অনেকটাই সুগম হয়েছে। তবে এখনো গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো নির্ধারণ এবং আনুষ্ঠানিক উদ্বোধন বাকি থাকায় কার্যক্রম শুরু হয়নি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়া সফরকালে বলেন, প্রস্তাবটি অনুমোদন পাওয়ায় প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে এ আবেদন জমা দেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রস্তাব অনুযায়ী মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর—এই পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য আয়তন প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ। এদিকে উপজেলা কমপ্লেক্স স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ীক সমিতির সভাপতি মাহমুদুল হাসান চয়ন তালুকদার জানান, মোকামতলাকে উপজেলা করার দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে এগোনোয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল জানান, বিগত দিনে আমরা দেখেছি বাপ-দাদারা মোকামতলা উপজেলা করার দাবিতে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছে, কিন্তু সাড়া পায়নি। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলছে।

উল্লেখ্য, এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে ২০০২ সালে বগুড়ার মাঝিড়া ইউনিয়নকে শাজাহানপুর উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যা স্থানীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন