এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

তীব্র গরমে স্বস্তি পেতে এয়ার কন্ডিশনার বা এসি এখন অনেকেরই অবিচ্ছেদ্য অংশ। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সতর্কতার অভাবে এই আরামদায়ক যন্ত্রটিই হয়ে উঠতে পারে বড় দুর্ঘটনার কারণ। এসিতে কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এসির ঝুঁকি এড়াতে যে ৫টি লক্ষণ খেয়াল রাখা জরুরি:

১. কম্প্রেসর অতিরিক্ত গরম হওয়া: এসির মূল চালিকাশক্তি হলো কম্প্রেসর। এটি যদি স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত হয়, তবে দ্রুত সার্ভিসিং করানো প্রয়োজন। কম্প্রেসর অতিরিক্ত গরম হলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে।

২. আউটার ইউনিটের অবস্থান: এসির আউটার ইউনিট সরাসরি কড়া রোদে থাকলে তা দ্রুত গরম হয়ে যায় এবং ভেতরের যন্ত্রাংশে চাপ সৃষ্টি করে। আউটার ইউনিট সবসময় ছায়াযুক্ত স্থানে স্থাপন করা উচিত অথবা উপরে সুরক্ষামূলক ছাউনি দেওয়া যেতে পারে।

৩. ভোল্টেজ ওঠানামা: বিদ্যুতের উচ্চ বা নিম্ন ভোল্টেজ এসির সার্কিট নষ্ট করে দিতে পারে। এই ঝুঁকি এড়াতে একটি মানসম্মত ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা নিরাপদ।

৪. গ্যাস লিকেজ: আউটার ইউনিটের পাইপে আঠালো বা তেলতেলে দাগ দেখা দিলে বুঝতে হবে গ্যাস লিক করছে। এতে এসি ঘর ঠান্ডা করতে পারে না এবং মেশিনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। এমনটি হলে অবিলম্বে টেকনিশিয়ান ডাকুন।

৫. অস্বাভাবিক শব্দ ও পোড়া গন্ধ: এসি চলার সময় খটখট বা কিড়কিড় জাতীয় অস্বাভাবিক শব্দ শোনা গেলে ভেতরে যান্ত্রিক ত্রুটি থাকার সম্ভাবনা থাকে। এছাড়া এসি থেকে কোনো ধরনের পোড়া গন্ধ বা ধোঁয়া বের হলে কালক্ষেপণ না করে দ্রুত সুইচ বন্ধ করে দেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, বড় দুর্ঘটনা এড়াতে প্রতি মৌসুমের শুরুতে দক্ষ মেকানিক দিয়ে এসি পরীক্ষা করানো এবং নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন