ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পলাশ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠে (উচ্চ বিদ্যালয়) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক অনারম্ভর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মিলনায়তনজুড়ে একদিকে যেমন ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, অপরদিকে বিরাজমান ছিল বিদায়ী ছাত্র-ছাত্রীদের আবেগমাখা মুহূর্ত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বসির গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলের সহ-মহাব্যবস্থাপক হেলাল উদ্দিন মিলটন। তিনি বলেন, "শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তোমরা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই স্কুল তোমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, এখন সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের। তোমাদের মাধ্যমেই শিক্ষকদের সম্মান ও স্কুলের সুনাম বয়ে আনবে।"
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে বলেন, এই শিক্ষার্থীদের সাথে কাটানো সময়গুলো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তারা জীবনে অনেক দূর এগিয়ে যাবে। প্রধান শিক্ষক মাসুদ খান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৎ মনোভাব নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধিরা। তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরীক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের স্মৃতিগুলো আমরা কখনো ভুলব না। এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় ঘর। শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। সর্বশেষে সকলের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ