এবারের ‘মমি’ ভয়ংকর ও নৃশংস, মুক্তি পেল ঢাকায়

এবারের ‘মমি’ ভয়ংকর ও নৃশংস, মুক্তি পেল ঢাকায়

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে আজ শুক্রবার মুক্তি পেয়েছে আমেরিকান অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘দ্য মমি’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। তবে এবারের ‘মমি’ আগের অ্যাডভেঞ্চারধর্মী সংস্করণগুলো থেকে একদমই আলাদা—এটি একটি ‘আর-রেটেড’ বডি-হরর সিনেমা।

গল্পের প্রেক্ষাপট: সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে এক সাংবাদিক বাবা ও তাঁর পরিবারকে ঘিরে। আট বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া তাঁদের ছোট মেয়েটিকে হঠাৎ মরুভূমিতে খুঁজে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ সময় পার হলেও মেয়েটির বয়স মোটেও বাড়েনি। পরিবার তাকে ফিরে পেয়ে খুশি হলেও দ্রুতই সেই আনন্দ আতঙ্কে রূপ নেয়। মেয়েটির আচরণ ও শরীরে অদ্ভুত সব ভীতিজনক পরিবর্তন শুরু হয়। এক পর্যায়ে পরিবার বুঝতে পারে, তারা যাকে ফিরে পেয়েছে সে আসলে তাদের মেয়ে নয়, বরং প্রাচীন কোনো অশুভ শক্তির আধার।

ভিন্নধর্মী নির্মাণ: পরিচালক লি ক্রোনিন এবারের ‘দ্য মমি’কে সাজিয়েছেন নৃশংসতা ও চরম ভয়ের আবহে। এটি কেবল একটি হরর সিনেমা নয়, বরং ভালোবাসা ও ভয়ের দ্বন্দ্বে একটি পরিবারের ভেঙে যাওয়ার ট্র্যাজেডি। সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে ক্যালামাউই প্রমুখ।

সমালোচকদের মতে, ২০২৬ সালের অন্যতম ভয়ংকর সিনেমা হতে যাচ্ছে এটি। স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় আজ থেকেই দর্শক সিনেমাটি উপভোগ করতে পারছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন