ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে—এমন আশা দেখা দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম ১.৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯.৯৫ ডলারে অবস্থান করছে।
গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। সাম্প্রতিক সময়ে দাম ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে তা ৯০ ডলারের ঘরেই ওঠানামা করছে। ১০ দিনের এই ঐতিহাসিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। তাঁর এই মন্তব্য এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে, যার ফলে বাজারে সরবরাহ সংকটের শঙ্কা কিছুটা কমেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ