ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সারাদেশ ডেস্ক: রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ধর্মসিং চাকমা (ধর্মমনি) নামে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং কুতুকছড়ি এলাকার ধনঞ্জয় চাকমার ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিং চাকমার বাসায় এসে তাকে ডাকতে থাকে। বিপদ আঁচ করতে পেরে ধর্মসিং ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বেপরোয়া গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ত্রাসীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ধর্মসিংয়ের দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
গুলি করার পর সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করলে স্থানীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুই নারীর হাতে গুলির আঘাত ছিল। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। সেখান থেকে বিস্তারিত তথ্য আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ইউপিডিএফ হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামভিত্তিক একটি আঞ্চলিক রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর গঠিত এই সংগঠনটির পুরো নাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ