বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু

বোনের শাবলের আঘাতে ভাইয়ের মৃত্যু

মানজুরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো বোনের শাবলের আঘাতে গুরুতর আহত ভাই সুমনের (৩৫) মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাচা আব্দুস সোবহান ও চাচাতো বোন রোজিনা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। নিহত সুমন লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকার আব্দুস সোবহান ও তার ভাই আব্দুস সাত্তারের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ এপ্রিল) রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন চাচাতো বোন রোজিনা বেগম শাবল দিয়ে সুমনের মাথায় আঘাত করলে তিনি মারাত্মক জখম হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সুমনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় সুমনের পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমন হত্যার অভিযোগে এজাহারনামীয় আসামি আব্দুস সোবহান ও তার মেয়েকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন