লক্ষ্মীপুরে ৪৬ বছরের সেবার পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুরে ৪৬ বছরের সেবার পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়

লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ ৪৬ বছর ধরে মসজিদের খেদমত শেষে রাজকীয় সম্মানে বিদায় নিলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাবিব উল্যা (৮৮)। 

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে তাকে এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মসজিদ ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাবিব উল্যাকে ফুলে সাজানো একটি অটোরিকশায় বসিয়ে বিদায় জানানো হয়। এ সময় শত শত মুসল্লি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তার ওপর ফুল ছিটিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকে তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আজান দেওয়া প্রিয় মুয়াজ্জিনকে বিদায় জানাতে গিয়ে উপস্থিত অনেকের চোখেই অশ্রু দেখা যায়।

স্থানীয়দের কাছে ‘হাবিব উল্যা দরবেশ’ নামে পরিচিত এই বৃদ্ধ ১৯৭৯ সালে মসজিদটি প্রতিষ্ঠার সময় থেকেই মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একসময় মিতালী বাজারে তার পরিচিত হোটেল ব্যবসা থাকলেও তিনি নিজেকে পুরোপুরি মসজিদের সেবায় উৎসর্গ করেন। বিশেষ বিষয় হলো, দীর্ঘ এই সময়ে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই মসজিদের খেদমত করে গেছেন। বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, “হাবিব উল্যা শুধু একজন মুয়াজ্জিন নন, তিনি এই মসজিদের আত্মার অংশ। তার নিষ্ঠা ও নিঃস্বার্থ সেবা নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বিদায়বেলায় অশ্রুসিক্ত কণ্ঠে হাবিব উল্যা দরবেশ বলেন, “জীবনের দীর্ঘ সময় আল্লাহর ঘরের সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মানুষের এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি বাকি জীবন সুস্থভাবে কাটানোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন