কমলগঞ্জে ট্রেন বিকল: ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কমলগঞ্জে ট্রেন বিকল: ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

সারাদেশ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ তিন ঘণ্টা ব্যাহত হয়। পরে ট্রেনের সমস্যা সমাধান হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’-এর ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে সরিয়ে নেওয়ার পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টার দিকে শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর গ্রামে চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই দুর্ঘটনার ফলে সিলেটগামী কয়েকশ যাত্রী দীর্ঘ সময় চরম ভোগান্তিতে পড়েন।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিলেট থেকে আসা একটি বিকল্প ইঞ্জিন এবং ঢাকাগামী কালনী এক্সপ্রেসের সহায়তায় উপবন এক্সপ্রেসকে উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়। সকাল ৯টা থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়েছে এবং বর্তমানে ট্রেন দুটি শমশেরনগর স্টেশনে অবস্থান করছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন