‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’

নিজেস্ব প্রতিনিধি: দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, কৃষিখাতকে তেলের সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনওদের মাধ্যমে কৃষকরা যাতে সহজে ডিজেল পায়, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। যুগ্মসচিব জানান, রাশিয়া থেকে দুই মাসের জন্য ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে। আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতির প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল পাওয়া গেছে এবং তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী সরবরাহ অব্যাহত রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে তেল আনা হচ্ছে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও আমদানির চেষ্টা চলছে। হরমুজ প্রণালি দিয়ে তেল আনার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, তবে সব জাহাজ বাংলাদেশের পতাকাবাহী না হওয়ায় কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

যুগ্মসচিব বলেন, বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত আছে। এছাড়া ৩০ মার্চ ও ৩ এপ্রিল আরও ৫৪ হাজার ৬০০ টন এবং এপ্রিল মাসেই মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে ১ লাখ ৫৪ হাজার টন তেল আসবে। সরবরাহ চেইনে যাতে কোনো সংকট না হয়, সেজন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন