ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ জয়দেবপুর রেলক্রসিং এলাকায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়ে এলাকাটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ উদ্যোগে এই সমন্বিত অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে জয়দেবপুর রেলক্রসিং ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং হকারদের বিশৃঙ্খলার কারণে সাধারণ নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযানে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। এর ফলে দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতির অবসান ঘটে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অভিযান চলাকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম। গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করার এই প্রক্রিয়া নিয়মিতভাবে চলমান থাকবে।” তিনি আরও সতর্ক করে বলেন, উচ্ছেদের পর পুনরায় দখল করার চেষ্টা করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সব ধরনের চাঁদাবাজি দমন করা হবে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, জয়দেবপুর রেলক্রসিং এলাকা আধুনিকায়নের লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া ভাসমান ব্যবসায়ীদের জীবিকার বিষয়ে তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আলোচনা সাপেক্ষে তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অভিযানের পর জয়দেবপুর এলাকার সাধারণ বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে স্থানীয়দের দাবি, উচ্ছেদকৃত স্থানে যেন পুনরায় দখলদাররা ফিরতে না পারে, সেজন্য প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ