জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও লাথি মেরে হত্যার দায়ে আমিনুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমিনুল বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সুজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ এপ্রিল মাত্র ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারের পেটে সজোরে লাথি মারেন আমিনুল। এতে সুজানা গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সুজানার বাবা বাদী হয়ে ওই দিনই দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক মামলার রায়ের বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া আসামি নিজে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করে আদালত আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এই সর্বোচ্চ সাজা প্রদান করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন