মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ কিশোরের মৃত্যু

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ কিশোরের মৃত্যু

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার সিফাত (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ ) দুপুরে পৌরসভার গড়কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত পবিত্র কোরআনের হাফেজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোসল শেষ করে ভেজা শরীরে ঘরে প্রবেশ করে সিফাত। এসময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জারে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত শর্ট সার্কিটের শিকার হয়। ঘরের ভেতর থেকে বিকট শব্দ শুনে মা শাহনাজ বেগম দ্রুত দৌড়ে গিয়ে দেখেন সিফাত মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে।

তাৎক্ষণিকভাবে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সারোয়ার জাহান জানান, রোববার রাত ৯টার দিকে উত্তর রানীগাঁওয়ে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে সিফাতকে দাফন করা হয়েছে। একজন উদীয়মান হাফেজ কিশোরের এমন অকাল মৃত্যুতে পুরো গড়কান্দা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সচেতন মহল ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভেজা হাতে বা ভেজা শরীরে বৈদ্যুতিক সরঞ্জাম স্পর্শ না করার জন্য এবং চার্জার ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত ক্যাবল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন