ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর সামা টিভির।
ইসরাইলের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তিনি সেনাবাহিনীকে চলমান অভিযানের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, ‘আমি বর্তমান নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছি, যাতে হুমকিগুলো ইসরাইলের সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে নেওয়া যায়।’
এর আগে গত সপ্তাহেই ইসরাইল লিটানি নদী পর্যন্ত একটি বাফার জোন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নতুন এই নির্দেশনার ফলে ওই সীমার বাইরে আরও অগ্রসর হওয়া হবে, নাকি একই এলাকার ভেতরে অবস্থান আরও শক্তিশালী করা হবে—তা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এবং বিষয়টি এখনো ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভায় আলোচিত হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়ছে। এর জেরেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ