ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, বাঘাইছড়ি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আবারও আঘাত হেনেছে ভয়াবহ কালবৈশাখী ঝড়। আকস্মিক এই ঝড়ের তাণ্ডবে সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অরুন পাড়া এলাকায় অন্তত ২৪টি পরিবার গৃহহারা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৯ মার্চ ) সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়টি দ্রুত তীব্র আকার ধারণ করে। প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায় এবং অনেক কাঁচা ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় তাৎক্ষণিক উদ্ধারকাজ ব্যাহত হয়।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, “হঠাৎ করেই ঝড় শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ছাউনি উড়ে যায়। এখন এই বৃষ্টির মধ্যে পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না।” খোলা আকাশের নিচে থাকা পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নামের তালিকা করার জন্য ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে যাতে দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা যায়।”
উল্লেখ্য, প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে পাহাড়ি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রকোপ বৃদ্ধি পায়। ভৌগোলিক অবস্থানের কারণে সাজেকের মতো উঁচু পাহাড়ী জনপদগুলো প্রায়ই ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ