ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের আরব আমিরাত প্রবাসী রমিজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে খেলা করার সময় সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
সন্তান নিখোঁজ হওয়ার পর প্রবাসী পিতা রমিজ মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। রোববার রাতে ছেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর তিনি আবারও লাইভে আসেন। সেখানে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদেরকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কিশোর জুনায়েদের মরদেহ উদ্ধারের পর পুরো এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। নিহত কিশোরের পিতা স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ