ভাঙ্গায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষকে কেন্দ্র করে বরযাত্রী-শ্রমিক সংঘর্ষ

ভাঙ্গায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষকে কেন্দ্র করে বরযাত্রী-শ্রমিক সংঘর্ষ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী গ্রামে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় মারধরের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস ভাঙ্গা উপজেলা থেকে ফেরার পথে বেসুমপুরদী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসে থাকা বরযাত্রীদের সঙ্গে বাসের চালক ও শ্রমিকদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এটি ভয়াবহ হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ উঠেছে, দুর্ঘটনার জেরে বরযাত্রীরা বাসের চালক ও সাধারণ যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয় গ্রামবাসী পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে তারাও হামলার শিকার হন বলে জানা গেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বরযাত্রীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে এবং আইনি পদক্ষেপের বিষয়ে স্থানীয় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন