আখাউড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত: ঘাতক চালক আটক

আখাউড়ায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত: ঘাতক চালক আটক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর বাইপাস মোড়ে ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. কাউছার মিয়াকে (৩২) আটক করেছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি।

নিহত সুবল চন্দ্র দাস আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামের হিরালাল চন্দ্র দাসের ছেলে। তিনি পৌরশহরের সড়ক বাজার এলাকায় লন্ড্রি ব্যবসা করতেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত (৩০ মার্চ ২০২৬) আনুমানিক আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল দাস। এরপর একটি অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। ভোর আনুমানিক ৩টার দিকে অটোরিকশাটি খড়মপুর বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৮০১) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সুবল দাসের মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালক মো. কাউছার মিয়াকে আটক করে। আটক কাউছার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকার মৃত মজনু মিয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, "ট্রাক ও চালক উভয়ই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন