মাদকের ছোবলে বিপর্যস্ত গোপালগঞ্জ: বাড়ছে মাদকাসক্ত

মাদকের ছোবলে বিপর্যস্ত গোপালগঞ্জ:  বাড়ছে মাদকাসক্ত

হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা : গোপালগঞ্জ জেলায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদক সমস্যা। জেলার পাঁচটি উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্ত মানুষের সংখ্যা। সাধারণ মানুষের ভাষ্য, এই পরিস্থিতি এখন সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক সচেতনতার অভাব, পেশিশক্তির প্রভাব এবং কিছু জনপ্রতিনিধির উদাসীনতার কারণে মাদক ব্যবসা ও সেবন বেপরোয়া হয়ে উঠেছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ সদর উপজেলার পাইক্কান্দি ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় মাদকের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের বেপরোয়া চলাফেরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু পুলিশি অভিযানে মাদক নির্মূল করা কঠিন; এর জন্য জোরালো সামাজিক প্রতিরোধ প্রয়োজন। আমরা স্থানীয় জনগণকে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, যুবসমাজকে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ায় সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, “মাদক একটি জাতীয় অভিশাপ। এটি দমনে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।”

সরকারের এই কঠোর অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে গোপালগঞ্জবাসী নতুন করে আশার আলো দেখছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কঠোর পদক্ষেপ ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে দ্রুতই গোপালগঞ্জ একটি মাদকমুক্ত ও নিরাপদ জনপদে পরিণত হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন