গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনি হুমকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনি হুমকিতে পড়বে: শিশির মনির

নিজেস্ব প্রতিনিধি: গণভোট অধ্যাদেশের সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, তাই গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার (৩০ মার্চ) দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে জামায়াতের আইনজীবীদের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিশির মনির অভিযোগ করেন, “গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুদক সংস্কার অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ বিশের অধিক অধ্যাদেশ বাস্তবায়ন চায় না সরকার। অথচ এই অধ্যাদেশগুলো দেশের মানুষকে সংস্কারের আশা জাগিয়েছিল।” তিনি এসব অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছিল। তার মতে, এসব বিষয়েও বিএনপি বর্তমানে টালবাহানা করছে। সংবাদ সম্মেলনে তিনি দেশের আইনি কাঠামো ও সংস্কার প্রক্রিয়া রক্ষায় এসব অধ্যাদেশের গুরুত্ব তুলে ধরেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন