ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো:মামুন রহমান, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত ও অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট 'ফুয়েল কার্ড' ছাড়া কোনো মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার ৬টি ইউনিয়নের বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল চালকদের এই ফুয়েল কার্ড প্রদান করা হবে। আগ্রহী চালকদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
আগামী ০২ এপ্রিল ২০২৬ তারিখ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। ওই তারিখের পর থেকে ফুয়েল কার্ড প্রদর্শন ব্যতিরেকে কোনো ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়া যাবে না। প্রশাসন মনে করছে, এই উদ্যোগের ফলে তেলের মজুদদারি ও অপব্যবহার রোধ করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ফুয়েল কার্ড গ্রহণের জন্য কোনো ধরনের ফি বা অতিরিক্ত টাকা লাগবে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালচক্র যাতে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ চালকরা ইতিবাচক সাড়া দিলেও কার্ড সংগ্রহের প্রক্রিয়াটি যেন সহজ ও হয়রানিমুক্ত হয়, সেই দাবি জানিয়েছেন। অনেকে ইতোমধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে এবং জ্বালানি তেল ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ