ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অবকাঠামোগত রূপান্তরের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা। একসঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত সেতু, নতুন মহাবিদ্যালয় এবং দুটি আধুনিক ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উপজেলায় শুরু হয়েছে উন্নয়নের মহাপরিকল্পনা। রোববার (১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মেগা প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
উপজেলার হাতিবান্ধা–অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাট এলাকায় করতোয়া নদীর ওপর প্রায় ৫৫০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেতুটি দুই পাড়ের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান দেবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও মুমূর্ষু রোগীদের যাতায়াতে এটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
উচ্চশিক্ষার প্রসারে মোকামতলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নতুন একটি মহাবিদ্যালয়। গ্রামীণ শিক্ষার্থীদের শহরমুখী না হয়ে নিজ এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এছাড়া উপজেলা সদরের মহাস্থানগড়ে এবং মোকামতলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে পৃথক দুটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো। দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি কর্মকর্তা ও অতিথিদের জন্য মানসম্মত আবাসন সুবিধার যে অভাব ছিল, এই প্রকল্পের মাধ্যমে তার অবসান ঘটবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "সরকারের লক্ষ্য গ্রাম ও শহরের বৈষম্য দূর করে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো—এই তিন খাতকে গুরুত্ব দিয়েই শিবগঞ্জে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।"
অনুষ্ঠানগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, এই তিন মেগা প্রকল্পের বাস্তবায়ন শিবগঞ্জের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ