ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গেগড়া এলাকায় অবস্থিত একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তিন ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ এই ব্রিজটি এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৪নং দলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেগড়া এলাকার এই ব্রিজটির রেলিংগুলো ভেঙে পড়েছে এবং পিলারে ফাটল ধরেছে। জরাজীর্ণ এই ব্রিজ দিয়েই প্রতিদিন চলাচল করে তিনটি ইটভাটার ভারী যানবাহন। পণ্যবাহী ট্রাক ও ইটের গাড়ি চলাচলের কারণে ব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথ পাড়ি দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মনিজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘ ৫ বছর ধরে আমরা এই ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করছি। আমাদের সন্তানরা যখন স্কুলে যায়, তখন সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি কখন জানি ব্রিজটা ভেঙে পড়ে।" কৃষক মোখছেদ আলী জানান, ফসলের গাড়ি এই ব্রিজের ওপর দিয়ে যেতে চায় না, ফলে কৃষিপণ্য পরিবহনে তাদের অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
দলগ্রাম ইউপি সদস্য ইমান আলী জাদু বলেন, "৩টি ইউনিয়নের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই ব্রিজটির রেলিং ভাঙা থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। জনস্বার্থে দ্রুত এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি।"
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারসহ এটি পরিদর্শন করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় একটি নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ