কিশোরী হত্যা: ৭ আসামি রিমান্ডে, দাঁড়াননি কোনো আইনজীবী

কিশোরী হত্যা: ৭ আসামি রিমান্ডে, দাঁড়াননি কোনো আইনজীবী

নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক (নরসিংদী): নরসিংদীতে কিশোরী আমেনাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার লোমহর্ষক ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে নরসিংদী জেলা দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার ওসি (তদন্ত) মো. ওমর কাইয়ুম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়; বাদী পক্ষে বেশ কয়েকজন আইনজীবী স্বপ্রণোদিত হয়ে দাঁড়ালেও ঘৃণ্য এই অপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভুইয়া এ বিষয়ে বলেন, “আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই জঘন্য মামলায় কোনো আইনজীবী আসামিপক্ষকে আইনি সহায়তা দেবে না। আমরা রাষ্ট্রপক্ষকে সার্বিক সহায়তা করব। পুলিশ আন্তরিকভাবে দ্রুত চার্জশিট দিলে আগামী ৬ মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) রাতে বাবা আলকাছ মিয়ার কাছ থেকে কিশোরী আমেনাকে ছিনিয়ে নিয়ে যায় নূরা ও তার সহযোগীরা। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৪ জন এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী সাবেক মেম্বারসহ ৩ জন রয়েছেন। প্রধান আসামি নূরা গত শুক্রবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার হয়। পুলিশ জানিয়েছে, পলাতক বাকি দুই আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন