গাজীপুরে ভুয়া সনদে ফার্মেসি পরিচালনা: তদন্তে ঔষধ প্রশাসন

গাজীপুরে ভুয়া সনদে ফার্মেসি পরিচালনা: তদন্তে ঔষধ প্রশাসন

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (শ্রীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া বাজার এলাকায় ভুয়া নিবন্ধন ও জাল কাগজপত্র ব্যবহার করে ফার্মেসি পরিচালনার অভিযোগ উঠেছে। ‘সেবা মেমোরিয়াল ফার্মেসি + ডাক্তার পয়েন্ট’ নামক প্রতিষ্ঠানের মালিক খোকন আহাম্মেদ নিজেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) পাশ করা ফার্মাসিস্ট পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, খোকন আহাম্মেদ যে ডিএমএফ সনদ ও নিবন্ধন ব্যবহার করছেন তা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সচেতন মহলের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। এর প্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি বিশেষ টিম তদন্ত শুরু করেছে।

তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, প্রাথমিক যাচাইয়ে নথিপত্রে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কাগজপত্রের সত্যতা নিশ্চিত করতে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, ব্যবহৃত নিবন্ধন নম্বরটি (ডি-১১৫০৮) যাচাই করে দেখা গেছে, সেটি তানজিনা আক্তার তানিয়া নামে এক নারীর নামে নিবন্ধিত। অভিযুক্ত খোকন অন্য একজনের নিবন্ধন ব্যবহার করে নিজের নামে ফার্মেসি পরিচালনা করছিলেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অদক্ষ ও ভুয়া সনদধারীর মাধ্যমে ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফার্মেসিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এই জালিয়াতের পেছনে কোনো দালাল চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর মতে, প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের ভুয়া চিকিৎসালয় ও ফার্মেসিগুলোর বিরুদ্ধে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন