কুবির রোটার‍্যাক্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবির রোটার‍্যাক্ট ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার প্রশিক্ষণ কক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির চার্টার্ড সভাপতি মো. আহসান হাবীব, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রুবেল ও শেখ শাকিল আহমেদ। এছাড়াও ক্লাবের বর্তমান সভাপতি তানভীর আনজুম সাজন, সাধারণ সম্পাদক আল আমিনসহ বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

বর্তমান সভাপতি তানভীর আনজুম সাজন তার বক্তব্যে বলেন, "আমাদের এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ হয়ে উঠেছিল। এর মাধ্যমে ক্লাবের সেবা ও মানবতার চেতনায় একসাথে এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।" বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই ইফতার মাহফিলে ক্লাবের সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন