গাজাবাসীর হজ পালনে সুযোগ সীমিত করছে খোদ ফিলিস্তিনি মন্ত্রণালয়

গাজাবাসীর হজ পালনে সুযোগ সীমিত করছে খোদ ফিলিস্তিনি মন্ত্রণালয়

গাজা উপত্যকার হজ ও ওমরাহ কোম্পানিগুলোর সংগঠন অভিযোগ করেছে যে, ফিলিস্তিনি মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে এ বছর গাজার বাসিন্দাদের হজ পালনের সুযোগ সীমিত করছে। সংগঠনের সদস্য আওয়াদ আবু মাধকুর কুদস প্রেসকে জানিয়েছেন, গাজা থেকে হজে যেতে ইচ্ছুকদের বর্তমান জটিলতার জন্য সরাসরি দায় মন্ত্রণালয়ের।

আবু মাধকুর দাবি করেন, গাজা উপত্যকার অভ্যন্তরে থাকা যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা বাতিল করা হয়েছে এবং এবারের হজ কার্যক্রম কেবল মিসরসহ বিদেশে অবস্থানরত গাজাবাসীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, যারা গত বছর নিবন্ধন করে লটারিতে অংশ নিয়েছিলেন এবং ফি পরিশোধ করেছিলেন, তাদের জন্য পুনরায় নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে। তার মতে, এটি অযৌক্তিক এবং এ ক্ষেত্রে নতুন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

তিনি জানান, নিবন্ধনের সময়সীমা ছিল মাত্র পাঁচ দিন। কিন্তু গাজার অভ্যন্তরে বসবাসকারীদের ভ্রমণ জটিলতার অজুহাতে কার্যত বাদ রাখা হয়েছে, যা তাদের ওপর অতিরিক্ত বিধি-নিষেধ আরোপের শামিল। গাজার বার্ষিক হজ কোটায় ২ হাজার ৫০৮ জন হাজি ও ২৫ জন প্রশাসনিক কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকলেও, চলতি বছর উপত্যকার বাইরে থাকা মাত্র ১ হাজার ৪০০ জন গাজাবাসী নিবন্ধন করতে পেরেছেন।

আবু মাধকুর আরও দাবি করেন, গাজার নির্ধারিত কোটা পূরণ হওয়ার আগেই নিবন্ধন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, অবশিষ্ট কোটাগুলো পশ্চিম তীর ও জেরুজালেমের হাজিদের জন্য বরাদ্দ করা হতে পারে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: কুদস প্রেস

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন