ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় মাছের ঘেরের জালে আটকা পড়ে আহত হওয়া একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রায়েন্দা গ্রামের জাকির মিরের বাড়ির ঘের থেকে পাখিটি উদ্ধার করা হয়।
ঘেরের জালে একটি ঈগল ঝুলতে দেখে স্থানীয়রা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ড টিম’-কে খবর দেন। খবর পেয়ে টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় পাখিটিকে নিরাপদে সরিয়ে আনেন। উদ্ধারের সময় ঈগলটি বেশ দুর্বল ও আতঙ্কিত অবস্থায় ছিল।

ওয়াইল্ড টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈগলটির বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে পাখিটিকে আবারও প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম জানান, পাখির আকার ও বাদামি রঙের গঠন দেখে এটি ‘ক্রেস্টেড সার্পেন্ট ঈগল’ বা সাপখেকো ঈগল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত বনাঞ্চল ও জলাভূমি এলাকায় এদের দেখা মেলে।
বন্যপ্রাণী রক্ষায় মাছের ঘেরে জাল ব্যবহারের ক্ষেত্রে স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ